নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ জুলাই ২০২৬ | 139 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মিউচুয়াল ফান্ডগুলোর পরিচালনা কার্যক্রম আরও গতিশীল ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কোনো অর্থবছর শেষে ফান্ডের অর্জিত আয় নগদ লভ্যাংশ হিসেবে ইউনিটধারীদের মধ্যে বণ্টন না করে সেই অর্থ পুনরায় ফান্ডের আওতায় বিনিয়োগ করার সুযোগ দেওয়া হবে। বুধবার (১ জুলাই) বিএসইসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৮তম কমিশন সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ফান্ডের সম্পদ ব্যবস্থাপক (অ্যাসেট ম্যানেজার) যদি এ ধরনের পুনর্বিনিয়োগের প্রস্তাব দেন, তবে ট্রাস্টি বিনিয়োগকারী ও ইউনিটধারীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই প্রস্তাবে অনুমোদন দিতে পারবেন।
এই উদ্যোগের ফলে অর্জিত অর্থ পুনরায় ফান্ডে বিনিয়োগের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে তহবিলের মোট সম্পদ বৃদ্ধি পাবে, ফান্ডের বিনিয়োগ সক্ষমতা বাড়বে এবং ইউনিটধারীদের স্বার্থও সুরক্ষিত থাকবে—এমনটি মনে করছেন সংশ্লিষ্ট বাজার বিশ্লেষকরা।
পুঁজিবাজার সংশ্লিষ্ট অনেকেই বিএসইসির এই সিদ্ধান্তকে মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, অর্থ ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো এবং বিনিয়োগবান্ধব আবহ তৈরি করতে সাহায্য করবে বলে অভিহিত করেছেন। এটি খাতটির ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্যও একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Posted ৬:৩৭ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.