নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ | 58 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ (২৪ মার্চ ২০২৬) প্রথম কর্মদিবসে শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে, যা সামগ্রিক পরিস্থিতিতে স্বাভাবিক বলেই মন্তব্য করেছেন বাজার সংশ্লিষ্টরা।
বিনিয়োগকারীদের অনেকেই এখনো ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে রয়েছেন। যারা ঢাকায় ফিরেছেন, তাদের হাতে নগদ টাকার সংকট থাকায় প্রয়োজন মেটাতে শেয়ার বিক্রি করছেন। এই সাময়িক প্রভাব সূচক ও লেনদেনের ধরনে পড়লেও আগামী সপ্তাহে পুরোদমে লেনদেন শুরু হলে বাজার ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ডিএসইর চিত্র
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৬৮.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৪.৯৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৯৫ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৭২.৬০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৯.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১.৪৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ ডিএসইতে ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৩২ কোটি ১৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬০ কোটি ৩০ লাখ টাকা।
সিএসইর অবস্থা
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এ পরিমাণ ছিল ৪ কোটি ৯২ লাখ টাকা।
সিএসইতে আজ লেনদেন হওয়া ১৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ১০৮.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২১.১৯ পয়েন্টে। গত কার্যদিবসে সূচকটি ৫১.০৪ পয়েন্ট বেড়েছিল।
বাজার সংশ্লিষ্টদের মতে, ঈদ-পরবর্তি এই লেনদেনের ধরণ সম্পূর্ণ স্বাভাবিক। আগামী সপ্তাহ থেকে নিয়মিত লেনদেন শুরু হলে বাজার আবার স্থিতিশীল হয়ে উঠবে বলে ধারণা করছেন তারা।
Posted ২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
sharebazar24 | sajed khan
.
.