নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | 49 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থ দিনের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১২ মার্চ, ২০২৬) ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের উভয় শেয়ারবাজারেই সূচক উল্লেখযোগ্য হারে বেড়েছে। সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা বাড়িয়েছে। ঈদের আগে বাজারের এমন ইতিবাচক চিত্রকে স্বস্তির বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনটি সূচকই বৃদ্ধি পেয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামী সপ্তাহে আর মাত্র দুই কর্মদিবস লেনদেন হবে। আজ সপ্তাহের শেষ দিনে বাজারের ইতিবাচক অবস্থা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। আশা করা যাচ্ছে, ঈদের পর বাজারের গতি আরও বাড়বে এবং স্থিতিশীলতা বজায় থাকবে।
ডিএসইর অবস্থা
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৮.৪০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৭.১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯.৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৬.২৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৩০৮টির, কমেছে মাত্র ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।
লেনদেনের অংকের দিক থেকেও ছিল উল্লেখযোগ্য দিন। ডিএসইতে এদিন মোট ৫৯১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫১৮ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৬৭ কোটি ৯৮ লাখ টাকা।
সিএসইর অবস্থা
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। প্রতিষ্ঠানটিতে আজ ১৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগেরদিন ছিল ৩৮ কোটি ৮৫ লাখ টাকা।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৫টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৩.১৫ পয়েন্টে। আগেরদিন সূচকটি ৬৩.০৪ পয়েন্ট বেড়েছিল।
Posted ৪:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.