নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: টানা চার দিন উত্থানের পর অবশেষে স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবস। আজ (১৬ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর পতন হয়েছে।
বাজারবিশ্লেষকরা জানিয়েছেন, চলতি সপ্তাহে পুঁজিবাজারের ধারা অত্যন্ত ইতিবাচক ছিল। সপ্তাহের শুরু থেকেই সূচক ঊর্ধ্বমুখী ছিল, যা গতকাল পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে সূচক ৫ হাজার ৯০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করে। পাশাপাশি লেনদেনের পরিমাণও ছিল উৎসাহব্যঞ্জক। সূচকের সঙ্গে তাল মিলিয়ে ধারাবাহিকভাবে লেনদেন বেড়ে ১ হাজার ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা বাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সূচক কমার তুলনায় বৃদ্ধির হার অনেক বেশি। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে সূচক ৮ হাজার পয়েন্ট অতিক্রম করতে পারে। এতে অনেক বিনিয়োগকারী তাদের হারানো মূলধন পুনরুদ্ধার করতে পারবেন এবং নতুন করে বিনিয়োগে আগ্রহী হবেন। আশা করা যাচ্ছে, চলতি সপ্তাহের মতো আগামী সপ্তাহের শুরুতেও বাজারে পুনরায় ধারাবাহিক উত্থান দেখা যাবে। বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল রয়েছে।
ডিএসইর লেনদেন সংক্রান্ত তথ্য
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৯১ পয়েন্ট কমে ৫ হাজার ৯০০.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.০৮ পয়েন্ট কমে ১ হাজার ২০৬.৮৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫.২৭ পয়েন্ট কমে ২ হাজার ২২৭.৬২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০৩টির শেয়ারদর বেড়েছে, ২৪০টির দর কমেছে এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে।
আর্থিক পরিসংখ্যান অনুযায়ী, ডিএসইতে আজ প্রায় ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের ১ হাজার ৫১৫ কোটি ৫১ লাখ টাকার তুলনায় প্রায় ৩৯৭ কোটি ৬৭ লাখ টাকা কম।
সিএসইর লেনদেন পরিস্থিতি
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল এ পরিমাণ ছিল ৩২ কোটি ১৭ লাখ টাকা।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৬টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৫৫.০৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৮১৪.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গতকাল এই সূচক ৯১.৩৪ পয়েন্ট বেড়েছিল।
Posted ২:৫৫ পিএম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.