নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ মার্চ ২০২৬ | 17 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি Olympic Industries Limited উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন মূলধনী যন্ত্রপাতি আমদানি এবং কারখানায় রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৪ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেছে।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, একক কার্টন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের জন্য ১০ সেট নতুন মূলধনী যন্ত্রপাতি কেনা ও আমদানি করা হবে। এসব যন্ত্রপাতি চীনের Hebei Shengli Paper Chest Equipment Manufacturing Co. Ltd. থেকে সংগ্রহ করা হবে। যন্ত্রপাতিগুলোর মাধ্যমে বছরে প্রায় ৩৯৪.২০ মিলিয়ন বর্গমিটার (SQMT) করুগেটেড বোর্ড উৎপাদন করা সম্ভব হবে, যা ৩-প্লাই ও ৫-প্লাই কার্টন তৈরিতে ব্যবহৃত হবে।
এই যন্ত্রপাতি আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকা (ফ্রেইট চার্জসহ)। এসব মেশিন স্থাপন ও কমিশনিং করা হবে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঞ্চপুরে অবস্থিত কোম্পানিটির কুতুবপুর কারখানায়।
এছাড়া কোম্পানিটি তাদের তিনটি কারখানার জন্য তিন সেট নতুন ফটোভোল্টাইক ডিসি জেনারেল (রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট) আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান Solaric Pte. Ltd. থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হবে।
এর মধ্যে নারায়ণগঞ্জের বন্দরের কেওধালায় অবস্থিত মদনপুর কারখানায় ৩২৯.৬১৫ কিলোওয়াট পিক (Kwp) ক্ষমতার একটি সোলার প্ল্যান্ট স্থাপন করা হবে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ৫৮৮ টাকা।
একইভাবে সোনারগাঁওয়ের কাঞ্চপুরে অবস্থিত কুতুবপুর কারখানায় ৩১৮.৮৯ কিলোওয়াট পিক (Kwp) ক্ষমতার আরেকটি সোলার প্ল্যান্ট স্থাপন করা হবে, যার মোট প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি ২২ লাখ ১৭ হাজার ৫৮৬ টাকা।
এছাড়া সোনারগাঁওয়ের কাঞ্চপুরের ললাটি কারখানায় ৩৯৩.২৫ কিলোওয়াট পিক (Kwp) ক্ষমতার একটি রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপন করা হবে। এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার ৮২৬ টাকা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
Posted ৬:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.