শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী সপ্তাহে তিন কার্যদিবসেই চাঙা শেয়ারবাজার, সূচক বাড়ল ১৬৫ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট

নির্বাচনী সপ্তাহে তিন কার্যদিবসেই চাঙা শেয়ারবাজার, সূচক বাড়ল ১৬৫ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন হয়েছে মাত্র তিন কার্যদিবস। তবে স্বল্প সময়ের লেনদেনেও বাজারে ছিল স্পষ্ট ইতিবাচক ধারা। সূচক, লেনদেন ও বাজার মূলধন—সব সূচকেই দেখা গেছে ঊর্ধ্বগতি। সংশ্লিষ্টরা আশা করছেন, নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের পর বাজারে আরও গতি ও স্থিতিশীলতা ফিরে আসবে।

সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। পাশাপাশি বেড়েছে প্রধান মূল্যসূচক ও দৈনিক গড় লেনদেনের পরিমাণও।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৫ দশমিক ৫৬ পয়েন্ট বা ৩ দশমিক ১৬ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে অবস্থান নিয়েছে ৫ হাজার ৩৯৯ দশমিক ৯৪ পয়েন্টে।

এছাড়া ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক ২৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ২ দশমিক ৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮ দশমিক ৯৫ পয়েন্টে। একই সময়ে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএসই৩০ বেড়েছে ৫৭ দশমিক ১ পয়েন্ট বা ২ দশমিক ৮৫ শতাংশ, যা সপ্তাহ শেষে ১ হাজার ৯৬ দশমিক ৯৭ পয়েন্টে উন্নীত হয়েছে।

পর্যালোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ৩৯০টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৩৫৩টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২৯টির দর কমেছে এবং ৮টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী, সপ্তাহে মোট ৭৬ কোটি ৫২ লাখ ২০ হাজার শেয়ার ৫ লাখ ২৮ হাজার ৩৯৭ বার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯১৪ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা। যদিও আগের সপ্তাহের তুলনায় লেনদেনের পরিমাণ ৭৫৭ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকা কমেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৯৭৭ কোটি ১৯ লাখ ৯০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৯ হাজার ৪১৯ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা বা ১ দশমিক ৩৫ শতাংশ বেশি।

বাজার সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক অনিশ্চয়তা কেটে যাওয়ায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। ফলে আগামী সপ্তাহগুলোতে শেয়ারবাজারে আরও ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Facebook Comments Box

Posted ৬:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com