নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ | 324 বার পঠিত | প্রিন্ট
পাটজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগ তদন্তে নেমেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির শেয়ারে অস্বাভাবিক লেনদেন ও কারসাজিমূলক কার্যক্রমের প্রেক্ষিতে সম্প্রতি একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিশন।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, কমিটিকে ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদনসহ কোম্পানির সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম খতিয়ে দেখতে হবে। তদন্ত শেষে ৬০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
জানা গেছে, জুনের শেষ সপ্তাহে বিএসইসি এ তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে রয়েছেন—
বিএসইসির যুগ্ম পরিচালক মো. জহিরুল হক
সহকারী পরিচালক রেজাউন নূর মেহেদী
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপক সাইফুল ইসলাম
এই কমিটি সোনালী আঁশের শেয়ারের অস্বাভাবিক লেনদেন, দাম বাড়ানোর কারসাজি, ইনসাইডার ট্রেডিং, সিরিয়াল ট্রেডিং ও কৃত্রিম চাহিদা সৃষ্টির অভিযোগ তদন্ত করবে।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে শুধুমাত্র শেয়ারের কারসাজি নয়, বরং ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক বিবরণী বিশ্লেষণ করাও। প্রয়োজনে তারা কোম্পানির অডিট রিপোর্ট, হিসাবপত্র ও অন্যান্য আর্থিক রেকর্ড পর্যালোচনা করবে।
এ ছাড়া আরও একটি গুরুতর অভিযোগ তদন্তাধীন রয়েছে। জানা গেছে, মোতাহার হোসেন নামের এক বিনিয়োগকারীর নামে জাল শেয়ার ইস্যু করা হয়েছে। বিএসইসি ওই শেয়ারসমূহ ডিমেটেরিয়ালাইজ (ইলেকট্রনিক ফর্মে স্থানান্তর) করার নির্দেশ দিলেও সোনালী আঁশ কর্তৃপক্ষ তা মানেনি। বরং তারা আদালতের শরণাপন্ন হয়ে ছয় মাসের জন্য স্থগিতাদেশ নিয়েছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, বিএসইসির এই পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। শেয়ার কারসাজি, জাল শেয়ার ইস্যু এবং অনিয়মের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Posted ৭:৪৬ পিএম | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.