নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ জুন ২০২৫ | 224 বার পঠিত | প্রিন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের চারটি প্রতিষ্ঠান। বছরের পর বছর লোকসান ও নেতিবাচক নিট সম্পদ মূল্যের (এনএভি) কারণে কোম্পানিগুলো আবারও বিনিয়োগকারীদের হাতে শূন্য ফিরিয়ে দিয়েছে। এতে করে সংশ্লিষ্ট কোম্পানিগুলো নিয়ে বিনিয়োগকারীদের আস্থা আরও একধাপ নড়বড়ে হয়ে পড়েছে।
কোম্পানি চারটি হলো: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট ফাইন্যান্স ও ফাস ফাইন্যান্স।
ফাস ফাইন্যান্স : ২০২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৩৭ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) ছিল মাইনাস ১ টাকা ২১ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১২৫ টাকা ৫৫ পয়সা।
এই কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ আগস্ট।
ফার্স্ট ফাইন্যান্স : শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। এনএভিপিএস মাইনাস ৩৭ টাকা ৮৬ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই।
ইউনিয়ন ক্যাপিটাল: কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ১১ টাকা ৯৯ পয়সা এবং এনএভিপিএস মাইনাস ৬৩ টাকা ২ পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় এবং রেকর্ড ডেট ৩০ জুলাই।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স : তুলনামূলকভাবে কম ক্ষতির মুখে পড়লেও কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেয়নি। ২০২৪ অর্থবছরে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ৯৪ পয়সা।
এই কোম্পানির এজিএম আগামী ২৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই।
একাধিক বছর ধরে লোকসানে থাকা এই প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের জন্য ভারী হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নেতিবাচক এনএভি ও নগদ প্রবাহ সংকটে ডিভিডেন্ড না দিতে পারা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা ক্রমেই হ্রাস পাচ্ছে। পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করছেন, সময়মতো আর্থিক পুনর্গঠন না হলে এসব কোম্পানি দীর্ঘমেয়াদে বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin