নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ মার্চ ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড (RELIANCINS) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ এ ডিভিডেন্ড সুপারিশ করেছে। আগের বছরেও কোম্পানিটি ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ঘোষণা অনুযায়ী, প্রস্তাবিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ ২০২৬।
কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ১২ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে।
আলোচ্য বছরে পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৫ টাকা ৪৩ পয়সা, যা আগের বছর ছিল ৬৯ টাকা ৫৯ পয়সা। আর পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি এনএভি হয়েছে ৭৮ টাকা ৯৫ পয়সা, যেখানে আগের বছর এ হার ছিল ৬৯ টাকা ৫৯ পয়সা।
এদিকে, শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ২০২৫ অর্থবছরে বেড়ে হয়েছে ৬ টাকা ৮৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১ টাকা ৬৬ পয়সা। ফলে নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।
সার্বিকভাবে ইপিএস কিছুটা কমলেও নিট সম্পদ মূল্য ও নগদ প্রবাহ বৃদ্ধির প্রেক্ষাপটে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এখন এ লভ্যাংশ চূড়ান্ত অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতির অপেক্ষা।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬
sharebazar24 | sbazaradmin